79°F বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

প্রবাস জীবনের প্রতারণা ও বন্ধুত্বের গল্প নিয়ে টেলিছবি ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’

বস্টন বাংলা, Boston Bangla

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ২৬
প্রবাস জীবনের প্রতারণা ও বন্ধুত্বের গল্প নিয়ে টেলিছবি ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরকে পটভূমি করে প্রবাস জীবনের প্রতারণা, বিশ্বাস ও বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’। প্রবাসে একজন যুবকের জীবনে ঘটে যাওয়া একাধিক প্রতারণার ঘটনা ঘিরেই এগিয়েছে এই টেলিছবির কাহিনি।

গল্পে দেখা যায়, এক যুবক দেশ থেকে নিজের স্ত্রীকে নিউইয়র্কে নিয়ে আসেন। কিন্তু আলো ঝলমলে শহরে এসে সেই স্ত্রী ধীরে ধীরে স্বামীর সঙ্গে প্রতারণার পথে হাঁটে। অন্যদিকে আরেকটি গল্পে দেখা যায়, একজন প্রবাসী বন্ধু নতুন করে আসা আরেক বন্ধুকে সহযোগিতা করছেন—তাকে হাতে–কলমে ব্যবসা শেখাচ্ছেন এবং কঠিন প্রবাস জীবনে কীভাবে টিকে থাকতে হয় তা বোঝাচ্ছেন।

প্রবাস জীবনে কখন কে প্রতারণা করবে কিংবা কে কৃতজ্ঞতা দেখাবে—এমন অনিশ্চয়তার বাস্তবতাই টেলিছবিতে তুলে ধরেছেন নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল।

‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ টেলিছবিতে অভিনয় করেছেন কানাডা প্রবাসী ঢালিউড অভিনেত্রী অধরা খান। আরও অভিনয় করেছেন মামনুন হাসান ইমন ও এমদাদ এইচ ভূঁইয়া।

টেলিছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে এমদাদ এইচ ভূঁইয়াকে। আর এই কাজের মাধ্যমে প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন অধরা খান।

অভিনয় প্রসঙ্গে এমদাদ এইচ ভূঁইয়া বলেন, মানুষের জীবনের কিছু ঘটনা মনে গভীর ছাপ রেখে যায়। সেই বাস্তব অভিজ্ঞতার কাছাকাছি হওয়ায় এই টেলিছবিতে অভিনয় করতে গিয়ে অনেক সময় মনে হয়নি তিনি অভিনয় করছেন।

‘সময় বদলায়, বন্ধুত্ব নয়’—এই ট্যাগলাইন নিয়ে নির্মিত টেলিছবিটির পুরো শুটিং হয়েছে নিউইয়র্কের বিভিন্ন স্থানে।

এমদাদ এইচ ভূঁইয়া প্রায় দুই দশক ধরে যুক্তরাষ্ট্রে ব্যবসার সঙ্গে যুক্ত। ব্রাহ্মণবাড়িয়ার সন্তান রাজুর বেড়ে ওঠা সিলেটে। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে একটি ইউটিউব চ্যানেলে টেলিছবিটি মুক্তি পাবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।