ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি এ হামলাকে ‘ঘৃণ্য অপরাধ’ আখ্যা দিয়ে এর জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি এই প্রতিক্রিয়া জানান। খবর টাইমস অব ইসরায়েলের।
ইরানের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার দেশটির একাধিক পরমাণু স্থাপনায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি ইউরেনিয়াম উৎপাদনকেন্দ্র এবং ভারী পানির একটি চুল্লি ছিল। এছাড়া ইসফাহানে দুটি ইস্পাত কারখানায়ও হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।
এক্সে দেওয়া পোস্টে আরাগচি বলেন, ইসরায়েল দাবি করছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে এই হামলা চালিয়েছে। একই সময়ে ইরানে হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষিত সময়সীমার সঙ্গে এই পদক্ষেপের অসঙ্গতিও তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, এই হামলার জন্য ইসরায়েলের কাছ থেকে যথাযথ মূল্য আদায় করবে ইরান।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালি খুলে দেয়, তবে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি স্থাপনায় হামলার সময় কিছুটা পেছাতে পারে। উল্লেখ্য, ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত হরমুজ প্রণালি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ। গত ফেব্রুয়ারির শেষ দিকে সামরিক উত্তেজনা শুরুর পর থেকে এ পথে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে রয়েছে।
আপনার বিজ্ঞাপন এখানে