64°F সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

প্রশিক্ষণকালে দক্ষিণ কোরিয়ার সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ০৯ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ৩
প্রশিক্ষণকালে দক্ষিণ কোরিয়ার সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

প্রশিক্ষণকালে দক্ষিণ কোরিয়ার সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ চলাকালে সেনাবাহিনীর একটি এএইচ-ওয়ানএস কোবরা অ্যাটাক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সকাল ১১টার কিছু পর দেশটির উত্তরাঞ্চলীয় খেপিয়ং কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে জানানো হয়েছে, দুর্ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় দুই ক্রু সদস্যকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকরা পরে তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সামরিক সূত্র জানিয়েছে, প্রশিক্ষণের অংশ হিসেবে ইঞ্জিন চালু রেখেই জরুরি অবতরণের অনুশীলন চলছিল। ওই সময়ই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী তাদের সব এএইচ-ওয়ানএস কোবরা হেলিকপ্টারের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করেছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি জরুরি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই মডেলের হেলিকপ্টারগুলো আর কোনো প্রশিক্ষণ বা অপারেশনে ব্যবহার করা হবে না।