79°F শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ময়মনসিংহে প্রেস ব্রিফিং

বস্টন বাংলা, Boston Bangla

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ২৪
প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ময়মনসিংহে প্রেস ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক, Mymensingh: প্রযুক্তির অপব্যবহার করে সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বেলা ১১টায় নগরীর জেলা রোভার স্কাউট ভবনের মিলনায়তনে এ আয়োজন করা হয়।

Bangladesh NGOs Network for Radio and Communication (BNNRC)-এর উদ্যোগে আয়োজিত এ প্রেস ব্রিফিং আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সপ্তাহ উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় পরিচালিত ধারাবাহিক কর্মসূচির অংশ। এ কর্মসূচির আওতায় পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও ময়মনসিংহসহ ছয়টি জেলায় একই ধরনের কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে প্রায় ২৫ জন অংশগ্রহণ করেন, যার মধ্যে ২৩ জন সাংবাদিক ও ২ জন কনটেন্ট ক্রিয়েটর ছিলেন। আয়োজকরা বিশেষভাবে নারী সাংবাদিকদের অংশগ্রহণকে গুরুত্ব দেন, যাতে প্রযুক্তিনির্ভর সহিংসতার বিষয়ে গণমাধ্যমের দায়িত্বশীল ও সংবেদনশীল ভূমিকা আরও শক্তিশালী হয়।

অনুষ্ঠানে উপস্থাপিত কার্যপত্রে বলা হয়, ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে নারীদের বিরুদ্ধে প্রযুক্তির অপব্যবহার করে বিভিন্ন ধরনের সহিংসতা উদ্বেগজনকভাবে বাড়ছে। এর মধ্যে সাইবার বুলিং, অনলাইন হয়রানি, হুমকি, ব্যক্তিগত তথ্য ফাঁস, ভুয়া তথ্য প্রচার ও অপপ্রচারসহ নানা ঘটনা অন্তর্ভুক্ত। এসব প্রযুক্তিনির্ভর সহিংসতা নারীদের অনলাইন ও অফলাইন—উভয় ক্ষেত্রেই নিরাপত্তা ও সক্রিয় অংশগ্রহণের পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

কার্যপত্রে আরও উল্লেখ করা হয়, নারীদের নিরাপদ ডিজিটাল অংশগ্রহণ নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, কার্যকর আইন ও নীতিমালার বাস্তবায়ন, ডিজিটাল সাক্ষরতা উন্নয়ন এবং রাষ্ট্র, সুশীল সমাজ, প্রযুক্তি প্রতিষ্ঠান ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

এছাড়া প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলায় নারী ও কিশোরীদের সক্ষমতা বৃদ্ধি, নিরাপদ অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তোলা এবং জবাবদিহিতামূলক ডিজিটাল নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সকলের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অধিকারভিত্তিক ডিজিটাল পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে বিএনএনআরসি’র ময়মনসিংহ জেলা ফোকাল পার্সন স্বাধীন চৌধুরী কার্যপত্র উপস্থাপন করে বিষয়টির বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এ বিষয়ে মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেন।