63°F বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

পশ্চিম তীরে ইসরায়েলের সম্প্রসারণবাদ নিয়ে আট মুসলিম দেশের সতর্কবার্তা

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ১১ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ৬১
পশ্চিম তীরে ইসরায়েলের সম্প্রসারণবাদ নিয়ে আট মুসলিম দেশের সতর্কবার্তা

পশ্চিম তীরে ইসরায়েলের সম্প্রসারণবাদ নিয়ে আট মুসলিম দেশের সতর্কবার্তা

পশ্চিম তীরে ইসরায়েলের ‘ক্রমাগত সম্প্রসারণবাদী নীতি’ নিয়ে সতর্কতা জারি করেছে পাকিস্তানসহ আটটি মুসলিম দেশ। সোমবার (৯ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই নীতি ফিলিস্তিনি জনগণকে উচ্ছেদ করতে সহায়তা করছে এবং অবৈধ দখলদারিত্বকে আরও দ্রুততর করছে।

বিবৃতিতে পাকিস্তান, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, তুরস্ক, সৌদি আরব ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলের পদক্ষেপের তীব্র নিন্দা জানান। তারা পুনর্ব্যক্ত করেছেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। পাকিস্তান পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন।

এর আগে রোববার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য জমি কেনা সহজ করার এবং ফিলিস্তিনিদের ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করে। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনের কথাও জানা গেছে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এসব পদক্ষেপকে বিপজ্জনক, অবৈধ এবং কার্যত ভূখণ্ড সংযুক্তিকরণের সমতুল্য বলে মন্তব্য করেছেন। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই নীতিগুলো সহিংসতা ও সংঘাত আরও বাড়াবে এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

আট মুসলিম দেশ উল্লেখ করেছেন, পশ্চিম তীরে নেওয়া এই পদক্ষেপ ১৯৬৭ সালের সীমারেখা অনুযায়ী, ফিলিস্তিনি জনগণের স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারকে সরাসরি আঘাত করছে। এ ধরনের নীতি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টা ক্ষুণ্ন করছে এবং আইনগতভাবে অকার্যকর।

বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন ইসরায়েলের উত্তেজনাকর কর্মকাণ্ড বন্ধে চাপ প্রয়োগ করে এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র প্রতিষ্ঠার বৈধ অধিকার বাস্তবায়নে সহায়তা করে। এতে ওই অঞ্চলে টেকসই ও ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে।