64°F বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

পশ্চিম তীরে ইতালীয় পুলিশের প্রতি অস্ত্রের হুমকি, ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করল ইতালি

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২৮ জানু ২০২৬ | নিউজটি দেখেছেন: ১৮
পশ্চিম তীরে ইতালীয় পুলিশের প্রতি অস্ত্রের হুমকি, ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করল ইতালি

পশ্চিম তীরে ইতালীয় পুলিশের প্রতি অস্ত্রের হুমকি, ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করল ইতালি

অধিকৃত পশ্চিম তীরে দায়িত্ব পালনকালে দুই ইতালীয় সামরিক পুলিশকে অস্ত্রের মুখে হুমকি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইসরাইলের রাষ্ট্রদূতকে তলব করেছে ইতালি। সোমবার ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, রোববার পশ্চিম তীরের রামাল্লার কাছাকাছি একটি গ্রামে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সম্ভাব্য সফর উপলক্ষে নিরাপত্তা ও পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে ওই দুই ইতালীয় সামরিক পুলিশকে এক সশস্ত্র ব্যক্তি বাধা দেয়। সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি একজন ইসরাইলি বসতি স্থাপনকারী বলে ধারণা করা হচ্ছে।

সূত্র জানায়, সশস্ত্র ওই ব্যক্তি বন্দুক তাক করে ইতালীয় পুলিশ সদস্যদের হাঁটু গেড়ে বসতে বাধ্য করেন এবং তাৎক্ষণিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করেন। ঘটনার সময় তারা কূটনৈতিক নম্বরপ্লেটযুক্ত গাড়িতে অবস্থান করছিলেন এবং তাদের কাছে বৈধ কূটনৈতিক পাসপোর্টও ছিল।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি ঘটনাটিকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেন এবং রোমে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে নির্দেশ দেন। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, একই সঙ্গে ইসরাইলে অবস্থিত ইতালীয় দূতাবাসও দেশটির সরকারের কাছে কূটনৈতিকভাবে কঠোর প্রতিবাদ জানিয়েছে।

এ বিষয়ে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়, সামরিক বাহিনী, পুলিশ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে জানানো হয়।

ঘটনার পর দুই ইতালীয় সামরিক পুলিশ নিরাপদে জেরুজালেমে অবস্থিত ইতালির কনসুলেট জেনারেলে ফিরে যান। এ ঘটনায় তারা শারীরিকভাবে অক্ষত রয়েছেন বলে নিশ্চিত করেছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিশ্লেষকদের মতে, পশ্চিম তীরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনা বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক প্রতিনিধিদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।