77°F শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর অভিশংসনের দাবি ‘জুলাই ঐক্য’র

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ৩৭
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর অভিশংসনের দাবি ‘জুলাই ঐক্য’র

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে সংবিধান লঙ্ঘন ও গুরুতর অসদাচরণের অভিযোগে সংসদের মাধ্যমে অভিশংসন করে পদ থেকে অপসারণের দাবি জানিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। একই সঙ্গে গণহত্যায় সহযোগিতার অভিযোগে রাষ্ট্রপতিকে বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছে তারা।

শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই ঐক্যের সংগঠক ফাহিম ফারুকী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিয়ে জনগণের সংসদকে বিতর্কিত করেছেন। তার ভাষণে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ফাহিম ফারুকীর দাবি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণের বিষয়ে আমন্ত্রণ জানানো হলেও বিএনপি তা গ্রহণ করেনি। এতে জুলাইয়ের চেতনা ও প্রস্তাবিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, নতুন সংসদের প্রথম অধিবেশনে অনেকেই আশা করেছিলেন যে রাজনৈতিক দলগুলো সংবিধান সংস্কারের প্রক্রিয়ায় অংশ নেবে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে জুলাই ঐক্যের পক্ষ থেকে বলা হয়, সংবিধান সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নে বিলম্ব করা হলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। একই সঙ্গে যারা এখনো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি, তাদের দ্রুত শপথ গ্রহণের আহ্বানও জানানো হয়।

সংগঠনটি দাবি করেছে, দেশের রাজনৈতিক সংস্কার ও গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠনের স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।