66°F মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

রমজানে মেট্রোরেলের বিশেষ সময়সূচি ঘোষণা

বস্টন বাংলা, Boston Bangla

প্রকাশ: ১৭ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ১৭
রমজানে মেট্রোরেলের বিশেষ সময়সূচি ঘোষণা

রমজানে মেট্রোরেলের বিশেষ সময়সূচি ঘোষণা

পবিত্র রমজান মাসে অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে মেট্রোরেল চলাচলে বিশেষ সময়সূচি নির্ধারণ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ১ রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে এ সময়সূচি কার্যকর থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

সংস্থার পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান মাসে উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায়। একই স্টেশন থেকে রাত সাড়ে ৯টায় শেষ ট্রেন ছেড়ে যাবে।

অন্যদিকে মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন চলাচল শুরু করবে সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শুক্রবার, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। এসব দিনে আগের নির্ধারিত সময় অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে।

রমজান মাসে ইফতারের সময় যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে নির্দিষ্ট কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। যাত্রীরা মেট্রোরেল ও স্টেশন এলাকায় সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন পড়ে গিয়ে পরিবেশ নোংরা না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। ব্যবহৃত বোতল অবশ্যই নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে।

এ ছাড়া প্ল্যাটফর্ম, কনকোর্স কিংবা ট্রেনের ভেতরে অন্য কোনো ধরনের খাবার গ্রহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।