শিক্ষা ও গবেষণায় উদ্ভাবন, মানোন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে নতুন এক ধাপ এগিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। এ লক্ষ্যে মালয়েশিয়ার দুটি স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান—ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম) এবং আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয়টি।
সোমবার মালয়েশিয়ার আইআইইউএম-এর গোম্বাক ক্যাম্পাসে অবস্থিত রেক্টর কার্যালয়ে প্রথম সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। এই সমঝোতার মূল উদ্দেশ্য হলো উচ্চশিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে দ্বিতীয় সমঝোতা স্মারক স্বাক্ষর করে শাবিপ্রবি। নতুন এই অংশীদারিত্বের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং আধুনিক প্রযুক্তি বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি ও ব্যবসায়িক উদ্ভাবনের ক্ষেত্রে এ সহযোগিতা দুই দেশের শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উভয় বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার বিজ্ঞাপন এখানে