77°F শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

সংবাদ প্রকাশের জেরে কিশোরগঞ্জে সাংবাদিক আটক, ক্ষোভ সাংবাদিক মহলে

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ৫০
সংবাদ প্রকাশের জেরে কিশোরগঞ্জে সাংবাদিক আটক, ক্ষোভ সাংবাদিক মহলে

 কিশোরগঞ্জের নিকলী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি)–এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর এক সাংবাদিককে আটক করার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর প্রায় ১টার দিকে নিকলী হাসপাতাল মোড় এলাকায় একটি দোকানে বসে থাকা অবস্থায় সাংবাদিক আলী জামসেদকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, নিকলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্তের নির্দেশে তাকে আটক করা হয়।

সাংবাদিকদের দাবি, আলী জামসেদ দেশের একটি শীর্ষস্থানীয় জাতীয় গণমাধ্যমের নিকলী প্রতিনিধি হিসেবে কাজ করেন এবং সম্প্রতি সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্তের বিভিন্ন অনিয়ম নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছিলেন। বৃহস্পতিবার জাতীয় দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে অভিযোগ করা হয়, এক মুক্তিযোদ্ধার নাতি রিকশাচালককে মারধর এবং স্থানীয় খাস জমি থেকে ৩৬ জন বীর মুক্তিযোদ্ধাকে উচ্ছেদের নোটিশ দেওয়ার ঘটনায় প্রতীক দত্তের সংশ্লিষ্টতার কথা উঠে আসে।

এ প্রতিবেদন প্রকাশের পরপরই আলী জামসেদকে পরিকল্পিতভাবে আটক করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় সাংবাদিকরা। আটকের সময় তাকে লাঞ্ছিত করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শেষে নিকলী থানা পুলিশের মাধ্যমে তাকে কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এসকে রাসেল বলেন, দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশ করলেই কিছু অসাধু প্রশাসনিক কর্মকর্তার টার্গেটে পরিণত হন সাংবাদিকরা। তিনি দাবি করেন, আলী জামসেদ সহকারী কমিশনার (ভূমি)-এর আক্রোশের শিকার হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি অবিলম্বে জামসেদের মুক্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত বলেন, সাংবাদিক আলী জামসেদ বৈধ কাগজপত্র ছাড়া একটি যানবাহন ব্যবহার করছিলেন। তাকে গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স দেখাতে বলা হলে তিনি তা দেখাতে পারেননি। তিনি আরও দাবি করেন, আলী জামসেদ দোষ স্বীকার না করে রাস্তার মাঝখানে অসদাচরণ করেন। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশ আলী জামসেদকে কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হস্তান্তর করে। পরবর্তীতে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিক সমাজে উদ্বেগ তৈরি হয়েছে এবং সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে সংবাদ প্রকাশের পরিবেশ নিশ্চিত করার দাবি উঠেছে।