70°F রবিবার, ২২ মার্চ ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

সৌদি আরব থেকে ইরানের পাঁচ কূটনৈতিক কর্মী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, Boston Bangla

প্রকাশ: ২২ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ৪
সৌদি আরব থেকে ইরানের পাঁচ কূটনৈতিক কর্মী বহিষ্কার

সৌদি আরবের ভূখণ্ডে ধারাবাহিক হামলার প্রতিবাদে ইরানের দূতাবাসের পাঁচ কর্মীকে বহিষ্কার করেছে রিয়াদ। বহিষ্কৃতদের মধ্যে সামরিক অ্যাটাশে ও তার সহকারীসহ মোট পাঁচজন রয়েছেন। তাদের ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রিয়াদে নিযুক্ত ইরানের সামরিক অ্যাটাশে, সহকারী অ্যাটাশে এবং মিশনের আরও তিন কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

এই সিদ্ধান্ত এমন সময়ে নেওয়া হয়েছে, যখন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

তেহরানের দাবি, তারা মূলত উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে এসব হামলায় বেসামরিক অবকাঠামো ও জ্বালানি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে ইরান শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। যদিও অধিকাংশ হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে, তবুও পূর্বাঞ্চলের জ্বালানি স্থাপনা এবং রাজধানী রিয়াদ একাধিকবার লক্ষ্যবস্তু হয়েছে। চলতি মাসের শুরুতে মার্কিন দূতাবাস লক্ষ্য করেও ড্রোন হামলার চেষ্টা করা হয়।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন, ইরানের প্রতি আস্থা নষ্ট হয়ে গেছে এবং দেশটির আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে। প্রয়োজনে জাতীয় নিরাপত্তা রক্ষায় সব ধরনের সক্ষমতা ব্যবহার করা হবে বলেও তিনি সতর্ক করেন।

উল্লেখ্য, ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় দীর্ঘ সাত বছর পর সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়েছিল। তবে সাম্প্রতিক উত্তেজনায় সেই সম্পর্ক আবারও সংকটের মুখে পড়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ইরানের ধারাবাহিক হামলা ভবিষ্যৎ সম্পর্কের জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে।