70°F শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

সরকারি বেতন-ভাতা ও গাড়ি ব্যবহার করবেন না: খাদ্যমন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াছিন

বস্টন বাংলা, Boston Bangla

প্রকাশ: ২১ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ৩২
সরকারি বেতন-ভাতা ও গাড়ি ব্যবহার করবেন না: খাদ্যমন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াছিন

সরকারি বেতন-ভাতা ও গাড়ি ব্যবহার করবেন না: খাদ্যমন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াছিন

সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালীন কোনো ধরনের সরকারি বেতন-ভাতা গ্রহণ করবেন না বলে ঘোষণা দিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্যমন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াছিন। পাশাপাশি তিনি সরকারি গাড়িও ব্যবহার করবেন না বলে জানিয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন এবং নিজ অর্থে জ্বালানি ব্যয় বহন করছেন। সরকারি গাড়ি বা তেলের সুবিধা গ্রহণ করছেন না এবং দায়িত্বে থাকা পর্যন্ত এ অবস্থান বজায় রাখবেন। একই সঙ্গে সরকারি বেতন-ভাতাও গ্রহণ করবেন না বলে জানান তিনি।

তিনি বলেন, জনগণের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করা জনপ্রতিনিধির নৈতিক দায়িত্ব। ব্যয় সংকোচন ও স্বচ্ছতার স্বার্থে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। নেতৃত্বের জায়গা থেকে উদাহরণ সৃষ্টি করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

কৃষি খাত প্রসঙ্গে মন্ত্রী বলেন, খাদ্যভান্ডার সমৃদ্ধ করতে সরকার কাজ করছে। উৎপাদন ব্যয় কমানো, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করাও সরকারের অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি।

কুমিল্লা অঞ্চলে কৃষি উন্নয়নে ড. আখতার হামিদ খান-এর অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, তাঁর উদ্ভাবিত ‘কুমিল্লা মডেল’ দেশ-বিদেশে সমাদৃত। কৃষির আধুনিকায়নে সেই অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে।

মন্ত্রী আরও জানান, কুমিল্লায় রপ্তানিমুখী শিল্পকারখানা গড়ে তোলার মাধ্যমে শিল্পায়নের প্রসার ঘটেছে এবং এ অগ্রগতি অব্যাহত থাকবে।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শসদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউমসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।