77°F মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

স্টারলিংকের বিকল্পে রাশিয়ার অগ্রযাত্রা: একসঙ্গে ১৬ স্যাটেলাইট উৎক্ষেপণ

Online Desk, Boston Bangla

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ১৯
স্টারলিংকের বিকল্পে রাশিয়ার অগ্রযাত্রা: একসঙ্গে ১৬ স্যাটেলাইট উৎক্ষেপণ

 বৈশ্বিক স্যাটেলাইট ইন্টারনেট সেবায় নিজেদের অবস্থান শক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে রাশিয়া। দেশটির বেসরকারি মহাকাশ প্রতিষ্ঠান ‘ব্যুরো-১৪৪০’ নিম্ন-কক্ষপথে (লো আর্থ অরবিট) ১৬টি স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এই উৎক্ষেপণের মাধ্যমে তারা পরীক্ষামূলক পর্যায় থেকে পূর্ণাঙ্গ যোগাযোগ সেবা গড়ে তোলার পথে এগোচ্ছে। সোমবার একটি মহাকাশযান সফলভাবে স্যাটেলাইটগুলোকে প্রাথমিক কক্ষপথে স্থাপন করেছে। প্রয়োজনীয় পরীক্ষা ও অনবোর্ড সিস্টেম সক্রিয় করার পর এগুলো নির্ধারিত কক্ষপথে পৌঁছাবে।

রাশিয়ার এই উদ্যোগকে অনেকেই যুক্তরাষ্ট্রের স্টারলিংক সেবার বিকল্প তৈরির প্রচেষ্টা হিসেবে দেখছেন। পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে শত শত স্যাটেলাইট মহাকাশে স্থাপন করা হবে, যার মাধ্যমে পৃথিবীর প্রায় যেকোনো স্থান থেকে ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব হবে।

সংস্থাটি জানিয়েছে, ২০২৭ সালের মধ্যে বাণিজ্যিক সেবা চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ওই সময় কক্ষপথে রাশিয়ার ২৫০টির বেশি স্যাটেলাইট থাকার কথা রয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ২০৩৫ সালের মধ্যে এই সংখ্যা প্রায় ৯০০-তে পৌঁছাতে পারে।

বর্তমানে ‘ব্যুরো-১৪৪০’-এর ছয়টি পরীক্ষামূলক স্যাটেলাইট ইতোমধ্যে কক্ষপথে রয়েছে, যা পূর্ববর্তী দুটি পরীক্ষামূলক মিশনের অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছিল।

বিশ্লেষকদের মতে, এই প্রকল্প সফল হলে বৈশ্বিক স্যাটেলাইট ইন্টারনেট বাজারে প্রতিযোগিতা আরও বাড়বে এবং নতুন প্রযুক্তিগত ভারসাম্য তৈরি হতে পারে।