66°F বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়: ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ৩১ জানু ২০২৬ | নিউজটি দেখেছেন: ১৪
স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়: ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল

স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়: ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল

স্বাধীনতার বিরোধিতাকারীদের হাতে দেশ কখনোই নিরাপদ থাকতে পারে না—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যারা একাত্তরে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তাদের হাতে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া মানে দেশের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও-১ আসনের পশ্চিম আকচা এলাকায় নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

নির্দিষ্ট একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, একটি দল নির্বাচনে অংশ নিয়েছে যাদের প্রতীক দাঁড়িপাল্লা। একাত্তরে তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। সেই সময় অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, মা-বোনদের সম্মানহানি হয়েছে। অথচ এত বছর পার হলেও তারা সেই অপরাধের জন্য জাতির কাছে ক্ষমা চায়নি।

ভোটারদের সতর্ক করে বিএনপি মহাসচিব বলেন, কিছু মানুষ বিভ্রান্তিকর কথাবার্তা বলছে—বিকাশ নম্বর দিতে বলা, ভোট দিলে নাকি জান্নাত নিশ্চিত—এসব ভাঁওতাবাজি ও প্রতারণা। তিনি বলেন, ভোট একটি পবিত্র দায়িত্ব, যার মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হয়।

তিনি আরও বলেন, গত ১৫–১৬ বছরে দেশ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। ব্যাংকিং ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে, অর্থ লুটপাট হয়ে বিদেশে পাচার হয়েছে। এখন সময় এসেছে এসব অনিয়মের অবসান ঘটানোর। ঝগড়া-বিবাদ নয়, বরং যোগ্য ও সৎ নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপি মানুষের শান্তি ও উন্নয়নের রাজনীতি করে। গত দেড় দশকে মানুষ শান্তিতে থাকতে পারেনি। তবে দীর্ঘ সময়ের অস্থিরতার পর দেশে একটি ভালো নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই নির্বাচনে জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের পাশে আছেন। তার বাবা এলাকাবাসীর জন্য কাজ করেছেন এবং সেই ধারাবাহিকতায় তিনি নিজেও জনগণের সেবায় নিয়োজিত থাকতে চান। অতীতে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও নিজের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ কেউ তুলতে পারবে না বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, দলের পক্ষ থেকে তিনি প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চাচ্ছেন। এটি তার শেষ নির্বাচন বলেও উল্লেখ করে ভোটারদের কাছে কাজ করার সুযোগ চেয়েছেন তিনি।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতির কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য সুদসহ সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। এনজিও থেকে নেওয়া ঋণের দায় সরকার বহন করবে। নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে।

এছাড়া শিক্ষিত বেকারদের জন্য ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা, দেশে আইনশৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।