74°F বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

স্বপ্নের যুক্তরাষ্ট্রে যাওয়ার বাস্তব পথ !

নিজস্ব প্রতিবেদক, Boston Bangla

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | নিউজটি দেখেছেন: ৫৫
স্বপ্নের যুক্তরাষ্ট্রে যাওয়ার বাস্তব পথ !

এক সময় অনেকের কাছেই যুক্তরাষ্ট্র ছিল কল্পনার এক ঝলমলে দেশ; স্বপ্ন, সম্ভাবনা আর উন্নত জীবনের প্রতীক। বাংলাদেশের অসংখ্য তরুণ-তরুণীর কাছে এখনো সেই আকর্ষণ অটুট। তবে অভিবাসন নীতির পরিবর্তন, কঠোর যাচাই-বাছাই এবং বৈশ্বিক রাজনৈতিক বাস্তবতায় দেশটিতে যাওয়ার পথ আগের চেয়ে কিছুটা জটিল হলেও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। বরং নির্দিষ্ট কিছু বৈধ প্রক্রিয়ার মাধ্যমে এখনো যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

বিশেষ করে Donald Trump-এর প্রশাসন আমলে অভিবাসন নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এলেও কর্মসংস্থান, পরিবারভিত্তিক অভিবাসন এবং উচ্চশিক্ষার মতো খাতে বিভিন্ন ভিসা ক্যাটাগরি এখনো কার্যকর রয়েছে। এসব পথকে সঠিকভাবে বুঝে এবং প্রয়োজনীয় শর্ত পূরণ করে আবেদন করলে যুক্তরাষ্ট্রে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।

কর্মসংস্থানভিত্তিক ভিসা বা ‘ইমপ্লয়মেন্ট-বেজড’ (ইবি) সিরিজ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হিসেবে বিবেচিত হয়। এই সিরিজে ইবি-১ থেকে ইবি-৫ পর্যন্ত বিভিন্ন শ্রেণি রয়েছে, যেখানে বিশেষ দক্ষতা, উচ্চশিক্ষা, পেশাগত অভিজ্ঞতা কিংবা বিনিয়োগের ভিত্তিতে আবেদন করা যায়। ইবি-১ ক্যাটাগরিতে আন্তর্জাতিক মানের অসাধারণ দক্ষতা বা গবেষণায় উল্লেখযোগ্য অবদান থাকলে আবেদন করা সম্ভব। ইবি-২-এ উচ্চশিক্ষা বা ব্যতিক্রমী দক্ষতাসম্পন্ন ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব পেলে আবেদন করতে পারেন। ইবি-৩ ক্যাটাগরিতে দক্ষ কর্মী বা পেশাজীবীরা সুযোগ পান, তবে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রে ওই পদের জন্য স্থানীয় কর্মী না থাকার বিষয়টি নিশ্চিত হতে হয়।

অন্যদিকে ইবি-৪ বিশেষ অভিবাসীদের জন্য নির্ধারিত, যেখানে ধর্মীয় কর্মী, নির্দিষ্ট আন্তর্জাতিক সংস্থার সাবেক কর্মী বা বিশেষ দক্ষতাসম্পন্ন ব্যক্তিরা অন্তর্ভুক্ত হতে পারেন। ইবি-৫ ক্যাটাগরি মূলত বিনিয়োগকারীদের জন্য, যেখানে যুক্তরাষ্ট্রে ব্যবসা শুরু করে অন্তত ১০ জন স্থানীয় নাগরিকের কর্মসংস্থান তৈরি এবং উল্লেখযোগ্য অঙ্কের বিনিয়োগের সক্ষমতা থাকতে হয়।

এছাড়া যুক্তরাষ্ট্রে যাওয়ার আরেকটি কার্যকর পথ হলো সরাসরি চাকরির প্রস্তাব পাওয়া। কোনো মার্কিন প্রতিষ্ঠান বিদেশি কর্মী নিয়োগ করতে চাইলে তাদের U.S. Department of Labor থেকে অনুমোদন নিতে হয়। এরপর ওই প্রতিষ্ঠান আবেদনকারীর জন্য ভিসা প্রক্রিয়া শুরু করতে পারে। প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক কর্মসংস্থানভিত্তিক ভিসা দেওয়া হয়, যা দক্ষ জনশক্তির জন্য একটি বড় সুযোগ তৈরি করে।

পরিবারভিত্তিক অভিবাসনও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। যুক্তরাষ্ট্রে বসবাসরত কোনো নাগরিক তার স্ত্রী, স্বামী বা নিকটাত্মীয়কে সেখানে নিয়ে যাওয়ার জন্য আবেদন করতে পারেন। এমনকি বৈধ বাগদানের ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে অস্থায়ী ভিসা পাওয়া সম্ভব, যা পরবর্তীতে স্থায়ী বসবাসের সুযোগে রূপ নিতে পারে।