স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে হামলা, চারজন আহত
ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে বাবা-ছেলেসহ চারজনকে কুপিয়ে-পিটিয়ে আহত করা হয়েছে। ঘটনা ঘটে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে শহরের থানা রোডস্থ নির্বাচনী অফিসে।
আহতরা হলেন কালীগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, বিএনপি কর্মী খোকন হোসেন এবং তার ছেলে, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইবন হোসেন। তারা সবাই স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সমর্থক।
স্থানীয়রা জানান, ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থী আবু তালিব নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খান। নির্বাচনে পরাজয়ের পর শুক্রবার সকালে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর প্রধান কার্যালয়ে ঢুকে হামলা চালিয়ে ভাঙচুর করে।
ঘটনার সময় চারজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করা হয়। গুরুতর আহত ইবন হোসেনকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, “নির্বাচনের পরপরই আমার অফিসে হামলা হয়েছে। বিষয়টি আগেই জানানো হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। হামলার দুই ঘণ্টা পর ঘটনা স্থলে আসে। যারা হামলা চালিয়েছে, তারা চিহ্নিত হয়েছে, কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে না। এভাবে চললে আসনে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।” তিনি অবিলম্বে কালীগঞ্জ থানার ওসি প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
আপনার বিজ্ঞাপন এখানে