পশ্চিমবঙ্গের দিঘা সংলগ্ন তালসারি সমুদ্রসৈকতে শুটিং করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। রোববার ঘটেছে এই দুর্ঘটনা, বয়স হয়েছিল ৪৩ বছর।
জানা গেছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ে অংশ নিতে রাহুল ইউনিটসহ তালসারিতে গিয়েছিলেন। শুটিংয়ের একপর্যায়ে তিনি সমুদ্রে নামেন এবং হঠাৎ পানিতে তলিয়ে যান। টেকনিশিয়ানরা দ্রুত তাঁকে উদ্ধার করার চেষ্টা করেন। কিছু সময় পানির নিচে থাকার পর রাহুলকে উদ্ধার করা হলেও, হাসপাতালে পৌঁছানোর আগেই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
শুটিং সহ-অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় বলেন, শুটিং শেষে রাহুল আরও কয়েকটি শট দিতে চেয়েছিলেন। দুর্ঘটনা ঘটার খবর শুনে তারা সবাই হতবাক হন। শিল্পী ফোরামের দিগন্ত বাগচীর কথায়, সম্ভবত রাহুল সাঁতার জানতেন না অথবা বালিতে পা আটকে গিয়েছিল।
রাহুল ১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের পরিচিত মুখ, ৪৫০টির বেশি নাটকে অভিনয় করেছেন। প্রথম সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’ বক্স অফিসে সাফল্য পায়। এছাড়া ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’, ‘আকাশ অংশত মেঘলা’সহ আরও জনপ্রিয় সিনেমায় তিনি অভিনয় করেছেন।
ব্যক্তিজীবনে ২০১০ সালে রাহুল অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন। তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে। ২০১৭ সালে দম্পতি আলাদা থাকেন এবং পরে বিচ্ছেদ হয়। সম্প্রতি তিনি ‘সহজকথা’ নামে একটি পডকাস্ট শুরু করেছিলেন।
তালসারি সৈকতের শুটিং স্পটে এমন মর্মান্তিক দুর্ঘটনায় পুরো বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আপনার বিজ্ঞাপন এখানে