64°F বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২৯ জানু ২০২৬ | নিউজটি দেখেছেন: ১৯
টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। দল ঘোষণা করা হলেও তারা আদৌ বিশ্বকাপে খেলবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ক্রিকেটবিশ্বের অনেক বিশ্লেষকই মনে করছেন, শেষ পর্যন্ত পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবেই।

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। পিসিবি সভাপতি মহসিন নাকভি জানিয়েছেন, পাকিস্তানের সিদ্ধান্ত জানা যেতে পারে আগামীকাল অথবা আগামী সোমবারের মধ্যে।

ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন, পাকিস্তান বিশ্বকাপ বর্জন করবে না। ভারতীয় ক্রিকেটভিত্তিক পোর্টাল ক্রিকবাজে দেওয়া এক মন্তব্যে তিনি বলেন, পাকিস্তান আসলে সময় ক্ষেপণ করছে এবং কোলাহল সৃষ্টি করছে। তাঁর মতে, “পাকিস্তান বিশ্বকাপে খেলতে আসবে-অবশ্যই আসবে। এটা কোনো ক্লাব ম্যাচ নয় যে তারা ওয়াকওভার দিয়ে সরে দাঁড়াবে। বিশ্বকাপ না খেললে পাকিস্তান ক্রিকেটের ওপর এর বড় ধরনের প্রভাব পড়বে।”

হার্শা আরও বলেন, ভারত-পাকিস্তান ম্যাচ বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটি। এই ম্যাচ না হলে দর্শক আগ্রহ ও স্পনসরশিপে বড় ধাক্কা লাগবে, যা আইসিসির আয়ের ওপরও প্রভাব ফেলবে। তবে তিনি মনে করেন, পাকিস্তান না এলে কাউকে তাদের অনুরোধ করতেও দেখা যাবে না-কারণ বিশ্বকাপ কর্তৃপক্ষ নিজের সূচি অনুযায়ীই এগোবে।

একই সুর শোনা গেছে ভারতীয় ক্রিকেটার অজিঙ্কা রাহানের কণ্ঠেও। তিনি মনে করেন, পাকিস্তানের পক্ষে বিশ্বকাপ বর্জন করা সম্ভব নয়। রাহানের ভাষায়, “আমার মনে হয় পাকিস্তান না এসে থাকতে পারবে না। বিশ্বকাপ খেলতে না আসার মতো সাহস তাদের নেই।”