77°F মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

টোঙ্গার কাছে ৭.৬ মাত্রার ভূমিকম্প: উপকূল ছাড়ার নির্দেশ

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ১৮
টোঙ্গার কাছে ৭.৬ মাত্রার ভূমিকম্প: উপকূল ছাড়ার নির্দেশ

 দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র টোঙ্গার কাছে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে, যার পরপরই উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্কতামূলকভাবে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৩৭ কিলোমিটার গভীরে, যা তুলনামূলকভাবে গভীর হওয়ায় ভূ-পৃষ্ঠে ক্ষয়ক্ষতির মাত্রা সীমিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সমুদ্রের গভীরে, টোঙ্গার দ্বিতীয় বৃহত্তম শহর নিয়াফু থেকে প্রায় ১৫৩ কিলোমিটার পশ্চিমে। প্রাথমিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, টোঙ্গার জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা দপ্তর নিচু ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্র সৈকত, তীরবর্তী অঞ্চল এবং নিচু উপকূলীয় এলাকা এড়িয়ে চলা উচিত।

যদিও বড় ধরনের সুনামির সতর্কতা জারি করা হয়নি, তবুও সম্ভাব্য ঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের গভীরতা বেশি হওয়ায় এর সরাসরি প্রভাব তুলনামূলক কম হতে পারে, তবে পরবর্তী আফটারশক বা সাগরসংক্রান্ত ঝুঁকি বিবেচনায় সতর্ক থাকা জরুরি।