তুরস্কের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তুরস্কের দাবি, ক্ষেপণাস্ত্রটি ইরান থেকে নিক্ষেপ করা হয়েছিল।
সোমবার (৯ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটি ইরান থেকে ছোড়া হয়ে ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে এগিয়ে আসছিল। পরে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন থাকা ন্যাটোর বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটি আকাশেই ধ্বংস করা হয়।
ক্ষেপণাস্ত্রটি ধ্বংস হওয়ার পর এর কিছু ধ্বংসাবশেষ তুরস্কের দক্ষিণাঞ্চলের গাজিয়ানতেপ এলাকায় পড়ে। তবে এতে কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তুরস্কের কর্মকর্তারা বলেছেন, দেশের আকাশসীমা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি দেশের বিরুদ্ধে যেকোনো শত্রুতামূলক পদক্ষেপের জবাব দেওয়ার অধিকার তুরস্ক সংরক্ষণ করে বলেও সতর্ক করেছেন তারা।
এদিকে তুরস্কসহ কয়েকটি দেশে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই বলেন, গত এক সপ্তাহে তুরস্ক, সাইপ্রাস বা আজারবাইজানের বিরুদ্ধে ইরানের ভূখণ্ড থেকে কোনো ধরনের সামরিক হামলা চালানো হয়নি।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরানের ভূখণ্ড থেকে এসব দেশের দিকে কোনো আক্রমণ শুরু হয়নি। সাম্প্রতিক হামলার যেসব খবর প্রকাশিত হয়েছে, তার কিছু সাজানোও হতে পারে বলে দাবি করেন তিনি।
তার মতে, কিছু পক্ষ ইরান ও অন্যান্য দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটাতে এমন ঘটনা সাজিয়ে থাকতে পারে বলেও আশঙ্কা রয়েছে।
আপনার বিজ্ঞাপন এখানে