তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, প্রাণহানি বেড়ে অন্তত ২১
ভয়াবহ তুষারঝড় ও চরম শীতের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে এ পর্যন্ত অন্তত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে পেনসিলভানিয়া, টেনেসি ও লুইজিয়ানায়-এই তিন রাজ্যে তিনজন করে নিহত হয়েছেন। এছাড়া আরকানসাস, টেক্সাস ও মিসিসিপিতে দুইজন করে এবং ওহাইও, কানসাস, সাউথ ক্যারোলাইনা, কেন্টাকি, নিউ জার্সি ও ম্যাসাচুসেটসে একজন করে প্রাণ হারিয়েছেন।
অনলাইন সিবিএসের খবরে বলা হয়, সপ্তাহান্তে শুরু হওয়া এই ঝড়ের মূল প্রভাব ধীরে ধীরে উপকূলীয় অঞ্চলের দিকে সরে গেলেও ঝুঁকি এখনো কাটেনি। রকি পর্বতমালার পূর্বাঞ্চলে নিউ ইংল্যান্ড বাদে প্রায় সব অঙ্গরাজ্যসহ ২০ কোটিরও বেশি মানুষ ভয়াবহ শীতের সতর্কতার আওতায় রয়েছেন।
চরম আবহাওয়ার কারণে বিদ্যুৎ ব্যবস্থায় মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। সোমবার বিকেল পর্যন্ত সারা দেশে সাত লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। এর মধ্যে শুধু টেনেসিতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল দুই লাখ ৩০ হাজারের বেশি মানুষের।
ভ্রমণ ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সোমবার একদিনেই ১২ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়। মঙ্গলবার রিপোর্ট লেখা পর্যন্ত বাতিল হয়েছে আরও চার হাজারের বেশি ফ্লাইট। আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলে বিশেষ করে নিউ ইংল্যান্ড ও আপস্টেট নিউইয়র্কে আরও কয়েক ইঞ্চি তুষারপাত হতে পারে। গ্রেট লেকস এলাকায় লেক-ইফেক্ট স্নো কয়েক দিন স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। মিড-অ্যাটলান্টিক অঞ্চলে ফ্রিজিং রেইনের কারণে আই-৯৫ করিডর হয়ে নিউইয়র্ক সিটি পর্যন্ত ঝুঁকি তৈরি হতে পারে।
চরম শীত থেকে গৃহহীনদের সুরক্ষায় নিউইয়র্ক সিটিতে ‘এনহ্যান্সড কোড ব্লু’ জারি রাখা হয়েছে। নিউইয়র্ক সিটি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট জানিয়েছে, এই ব্যবস্থার আওতায় আশ্রয় চাইলে কাউকেই ফিরিয়ে দেওয়া হবে না। শহরের ৫০টির বেশি হাসপাতাল ও একাধিক গৃহহীন সেবা কেন্দ্র এতে যুক্ত রয়েছে। মেয়র জোহরান মামদানি শনিবার এই উদ্যোগ কার্যকর করেন। পাঁচটি বরোর প্রতিটিতে হাইস্কুল ক্যাম্পাসে দুটি করে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
ডালাসে চরম শীতের কারণে গৃহহীনদের জন্য খোলা একটি আশ্রয়কেন্দ্রে প্রায় ১ হাজার ১৫০ জন আশ্রয় নিয়েছেন। অতিরিক্তভাবে ১০টি পরিবারের ১৫ জন প্রাপ্তবয়স্ক ও ২৩ শিশুকে হোটেলে স্থান দেওয়া হয়েছে। ফায়ারফাইটাররা রাতভর অভিযান চালিয়ে ২৪ জন গৃহহীনকে উদ্ধার করেছেন।
পিটসবার্গে ৯৫টি স্নোপ্লাওয়ের মধ্যে ৩৭টি অচল হয়ে পড়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ওহাইওতে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কায় রাজ্যজুড়ে ২ হাজার ৭০০টির বেশি ঘটনায় নিরাপত্তা বাহিনী সাড়া দিয়েছে। গভর্নর মাইক ডিওয়াইন অপ্রয়োজনে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছেন।
নিউ জার্সিতে তুষার পরিষ্কার করতে গিয়ে ৬৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কেন্টাকিতে হাইপোথার্মিয়ায় প্রাণ গেছে ৭২ বছর বয়সী এক নারীর। আরও কয়েকটি মৃত্যুর ঘটনা তদন্তাধীন রয়েছে। সংশ্লিষ্ট রাজ্যগুলোর গভর্নররা নাগরিকদের নিরাপদে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।
আপনার বিজ্ঞাপন এখানে