70°F সোমবার, ২৩ মার্চ ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

উদ্বোধনের আগেই ধস, দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বস্টন বাংলা, Boston Bangla

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ১৮
উদ্বোধনের আগেই ধস, দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

উদ্বোধনের আগেই ধসে পড়লো গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর–ধনঞ্জয়খালী সড়কের একটি অংশ। কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়কের এমন বিপর্যয় জনমনে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে। ঘটনার প্রেক্ষিতে সরকার দ্রুত ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে।

সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ সিদ্ধান্ত ঘোষণা করেন। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— প্রকল্প পরিচালক (পিডি) হারুন অর রশিদ এবং প্রকৌশলী শামছুর রহমান

প্রাথমিক তদন্তে সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগও আংশিকভাবে দায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অনিয়ম ও অবহেলার বিষয়টিকেই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন,
“জনগণের অর্থে নির্মিত অবকাঠামোয় কোনো ধরনের দুর্নীতি বা গাফিলতি সহ্য করা হবে না। প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় সরকার তাৎক্ষণিকভাবে পূর্বের সব তদন্ত কমিটি বাতিল করে একটি সাত সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। নতুন কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। এতে সরকারের উচ্চপর্যায়ের নজরে আসে বিষয়টি এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজের কারণে এমন বিপর্যয় ঘটেছে এবং এর জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।