ইরাকের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেলক্ষেত্র রুমেইলা তেলক্ষেত্র-এ তেল উৎপাদন সম্পূর্ণভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে Shafaq News।
রফতানি কার্যক্রমে বিঘ্ন এবং চলমান সামরিক পরিস্থিতির কারণে উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সামরিক উত্তেজনার প্রভাবে তেল সংরক্ষণ ট্যাংকগুলো পূর্ণ হয়ে পড়ায় নতুন করে উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হয়নি।
এদিকে ইরাকি সেনাবাহিনী আল-জুবায়র জেলার তেলক্ষেত্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে। সাঁজোয়া যান মোতায়েন করে গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় অবস্থান নিয়েছে তারা। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান-এর মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি Gulf Keystone Petroleum ইরাকের কুর্দিস্তান অঞ্চলের শাইকান তেলক্ষেত্রে নিরাপত্তাজনিত কারণে কার্যক্রম বন্ধ করেছে। একইভাবে দুবাইভিত্তিক Dana Gas এবং অসলোভিত্তিক DNO নিজ নিজ তেলক্ষেত্রে উৎপাদন সাময়িকভাবে স্থগিত করেছে বলে জানা গেছে।
বর্তমান পরিস্থিতিতে তেল উৎপাদন ও রফতানি কার্যক্রম কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
আপনার বিজ্ঞাপন এখানে