ভালুকায় বেতন বকেয়া ও হঠাৎ কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ময়মনসিংহের ভালুকা উপজেলায় বকেয়া বেতন পরিশোধ ও বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকেরা ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা অবরোধের ফলে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
শ্রমিকদের দাবি, কাঁঠালী এলাকায় অবস্থিত শেফার্ড জিনস লিমিটেড কারখানায় দীর্ঘদিন ধরে বেতন বকেয়া রয়েছে। গত ৯ জানুয়ারি এ নিয়ে অসন্তোষ দেখা দিলে শিল্প পুলিশের মধ্যস্থতায় মালিকপক্ষ ৯ জানুয়ারি ৬০ শতাংশ এবং ১০ জানুয়ারি বাকি ৪০ শতাংশ বেতন পরিশোধের আশ্বাস দেয়। তবে ১০ জানুয়ারি ভোটের কারণে কারখানা বন্ধ হয়ে গেলে শ্রমিকেরা বেতন ছাড়াই বাড়ি ফিরে যান।
শনিবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকেরা কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখতে পান। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা মহাসড়কে নেমে অবরোধ কর্মসূচি শুরু করেন।
খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস নিশ্চিত করা হলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি।
শিল্প পুলিশ-৫–এর অতিরিক্ত পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল জানান, বেতন পরিশোধের আশ্বাস পাওয়ার পর শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে সড়ক ছাড়েন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
আপনার বিজ্ঞাপন এখানে