68°F শনিবার, ২১ মার্চ ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ভিত্তিহীন অভিযোগ তুলে হামলা চালাচ্ছে ইরান: অভিযোগ সৌদি আরবের

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ৮
ভিত্তিহীন অভিযোগ তুলে হামলা চালাচ্ছে ইরান: অভিযোগ সৌদি আরবের

ভিত্তিহীন অভিযোগ তুলে হামলা চালাচ্ছে ইরান: অভিযোগ সৌদি আরবের

সৌদি আরবের বিরুদ্ধে আনা সামরিক সহায়তার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে দেশটি। সৌদি সরকার বলছে, তাদের ভূখণ্ড থেকে যুদ্ধবিমান বা জ্বালানি সরবরাহকারী বিমান সরাসরি কোনো যুদ্ধে অংশ নিচ্ছে—এমন দাবি সত্য নয়।

সোমবার (৯ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে সৌদি আরবের ঘাঁটি থেকে যুদ্ধবিমান এবং রিফুয়েলিং বিমান উড়ে গিয়ে যুদ্ধে অংশ নিচ্ছে। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে রিয়াদ।

বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আকাশসীমায় যে সামরিক বিমানগুলো টহল দিচ্ছে সেগুলো কেবল প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে মোতায়েন করা হয়েছে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান উপসাগরীয় আরব দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, যদি ওই দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে কোনো হামলা না হয়, তাহলে তেহরানও তাদের প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালাবে না।

তবে সৌদি আরবের দাবি, ইরানের এমন বক্তব্য বাস্তবে প্রতিফলিত হয়নি। বরং একই ধরনের অভিযোগ তুলে দেশটি হামলা চালিয়ে যাচ্ছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আরও সতর্ক করে বলেছে, ইরানের ধারাবাহিক হামলা আঞ্চলিক পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলছে। এতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমান ও ভবিষ্যতে গুরুতর চাপে পড়তে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্রতি ইরানের বর্তমান আচরণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং এতে সংঘাত বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে পারে ইরান নিজেই।