ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমানো হয়েছে। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৪১ টাকা, যা আগের দামের তুলনায় ১৫ টাকা কম। এর আগে চলতি মাসের ২ ফেব্রুয়ারি দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা করা হয়েছিল। নতুন নির্ধারিত মূল্য সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে এবং মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ সিদ্ধান্তের ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
ভোক্তা পর্যায়ে দাম সহনীয় রাখতে সরকার কর কাঠামোয় কিছু পরিবর্তন আনে। স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ের ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করা হয়। একই সঙ্গে আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। এসব পদক্ষেপ নেয় জাতীয় রাজস্ব বোর্ড, যার ধারাবাহিকতায় এলপিজির মূল্য কিছুটা কমানো সম্ভব হয়েছে।
একই সঙ্গে অটোগ্যাসের দামও কমেছে। ফেব্রুয়ারি মাসে প্রতি লিটার অটোগ্যাসের দাম ২৮ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা মূসকসহ চূড়ান্ত মূল্য। এর আগে ২ ফেব্রুয়ারি ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে প্রতি লিটার ৬২ টাকা ১৪ পয়সা করা হয়েছিল। সাম্প্রতিক এই সমন্বয়ের ফলে ভোক্তারা উভয় ক্ষেত্রেই কিছুটা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।
আপনার বিজ্ঞাপন এখানে