ভোটের আগে অবৈধ লেনদেন ঠেকাতে কঠোর বাংলাদেশ ব্যাংক, মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংয়ে কড়াকড়ি
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার প্রভাবিত করতে অবৈধ অর্থের ব্যবহার রোধে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিংয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, বিকাশ, নগদ, রকেটসহ সব এমএফএস প্ল্যাটফর্মে একবারে এক হাজার টাকার বেশি অর্থ পাঠানো যাবে না।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট রোববার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, এই বিধিনিষেধ ৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে কার্যকর হয়ে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।
কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ে ব্যক্তি থেকে ব্যক্তি (পিয়ার টু পিয়ার বা পি-টু-পি) লেনদেনে একবারে সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো যাবে। পাশাপাশি দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে, যার মোট সীমা হবে ১০ হাজার টাকা। এই সীমাবদ্ধতা এমএফএসের পাশাপাশি প্রিপেইড ইনস্ট্রুমেন্ট (পিপিআই) লেনদেনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
নির্দেশনায় আরও জানানো হয়েছে, একই সময়ে ব্যাংকের মোবাইল অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি অর্থ স্থানান্তর সাময়িকভাবে বন্ধ থাকবে। অর্থাৎ আইবিএফটি (ইন্টার-ব্যাংক ফান্ড ট্রান্সফার) ব্যবস্থার মাধ্যমে পি-টু-পি লেনদেন পুরোপুরি স্থগিত থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১১ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা এমএফএস ও পিপিআই লেনদেনে বিশেষ এই সীমা কার্যকর থাকবে। তবে মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে বিদ্যমান নিয়ম অনুযায়ী লেনদেন চালু থাকবে। এ ছাড়া এমএফএসের মাধ্যমে অন্য সব ধরনের লেনদেন এই সময়ের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে।
নির্বাচন উপলক্ষে এমএফএস সংক্রান্ত যেকোনো অভিযোগ দ্রুত গ্রহণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানকে বিশেষ ‘কুইক রেসপন্স সেল’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়জুড়ে সব ধরনের লেনদেনের ওপর সার্বক্ষণিক নিবিড় নজরদারি চালানো হবে বলে জানানো হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে হবে। নির্বাচনকালীন সময়ে অবৈধ অর্থপ্রবাহ রোধে এই নজরদারি আরও জোরদার করা হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী এমএফএস ও ব্যাংকগুলো প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে। নির্ধারিত সময়সীমা শেষ হলে স্বাভাবিক লেনদেন কার্যক্রম পুনরায় চালু করা হবে।
উল্লেখ্য, বর্তমানে এমএফএস গ্রাহকেরা স্বাভাবিক সময়ে এজেন্টের মাধ্যমে দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠাতে পারেন এবং সর্বোচ্চ ৩০ হাজার টাকা উত্তোলন করতে পারেন। ব্যক্তি থেকে ব্যক্তিতে দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ ৩ লাখ টাকা লেনদেনের সুযোগ রয়েছে। একই সঙ্গে দিনে সর্বোচ্চ ৫০টি এবং মাসে সর্বোচ্চ ১০০টি লেনদেন করা যায়। তবে নির্বাচনকালীন বিশেষ এই বিধিনিষেধের কারণে সাময়িকভাবে এসব সুবিধা সীমিত থাকবে।
আপনার বিজ্ঞাপন এখানে