64°F বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ভোটের মাঠে প্রবাসীদের সরব উপস্থিতি, সিলেট-সুনামগঞ্জে বাড়ছে নির্বাচনী উত্তাপ

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২৯ জানু ২০২৬ | নিউজটি দেখেছেন: ১৮
ভোটের মাঠে প্রবাসীদের সরব উপস্থিতি, সিলেট-সুনামগঞ্জে বাড়ছে নির্বাচনী উত্তাপ

ভোটের মাঠে প্রবাসীদের সরব উপস্থিতি, সিলেট-সুনামগঞ্জে বাড়ছে নির্বাচনী উত্তাপ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিলেট ও সুনামগঞ্জের ভোটের মাঠে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ বাড়ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে হাজারো প্রবাসী দেশে ফিরে নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারে নেমেছেন। কেউ সরাসরি ভোট দিতে এসেছেন, কেউ আবার নির্বাচনী কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হচ্ছেন।

যুক্তরাষ্ট্রপ্রবাসী আবদুর রব ২ জানুয়ারি দেশে এসে সিলেট জেলার বিভিন্ন আসনে বিএনপির প্রার্থীদের পক্ষে গণসংযোগ চালাচ্ছেন। ভোট শেষ হলে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। একইভাবে যুক্তরাজ্যপ্রবাসী মোহাম্মদ আবুল হোসেন সুনামগঞ্জের জগন্নাথপুর এলাকায় মাসখানেক ধরে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করছেন।

বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, এনসিপি, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক প্রবাসীরাও মাঠে রয়েছেন। ফ্রান্স, বেলজিয়ামসহ ইউরোপের বিভিন্ন দেশ এবং মধ্যপ্রাচ্য থেকেও প্রবাসীরা এসে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন।

তবে স্থানীয় বাসিন্দাদের মতে, প্রবাসীদের উপস্থিতি বাড়লেও সিলেট অঞ্চলে এখনো ভোটের পূর্ণ আমেজ তৈরি হয়নি। তাঁদের ধারণা, ভোটের তারিখ যত ঘনিয়ে আসবে, ততই নির্বাচনী উত্তাপ বাড়বে। পোস্টার নিষিদ্ধ থাকায় এবার প্রচারের দৃশ্যমানতা কম, ফলে প্রার্থীরা ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন এবং ছোট আকারের উঠান বৈঠকে গুরুত্ব দিচ্ছেন।

নির্বাচনী ব্যয়েও প্রবাসীদের বড় ভূমিকা রয়েছে। সিলেট বিভাগের ছয়টি সংসদীয় আসনে মোট ৩৩ জন প্রার্থীর মধ্যে ১৭ জন তাঁদের ব্যয়ের একটি অংশ প্রবাসী স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে পাচ্ছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। অনেক ক্ষেত্রে প্রচারণার বড় অংশই পরিচালিত হচ্ছে প্রবাসীদের আর্থিক সহায়তায়।

সুনামগঞ্জে প্রবাসীদের প্রভাব আরও দৃশ্যমান। জেলার পাঁচটি আসনের অধিকাংশ প্রার্থীর নির্বাচনী ব্যয়ে প্রবাসীদের অর্থ রয়েছে। কোথাও কোথাও পুরো ব্যয়ই আসছে প্রবাস থেকে। বিশেষ করে জগন্নাথপুর, শান্তিগঞ্জ ও ছাতক উপজেলায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রপ্রবাসীদের সক্রিয়তা বেশি।

স্থানীয় রাজনীতিকদের মতে, প্রবাসীরা শুধু ভোট দিতে নয়, ভোটকে উৎসবে পরিণত করতেই দেশে আসেন। তাঁদের অর্থনৈতিক সহায়তা, সরাসরি উপস্থিতি ও সামাজিক সম্পৃক্ততা নির্বাচনী মাঠে বাড়তি গতি এনে দিচ্ছে। ভোটের দিন যত এগিয়ে আসছে, সিলেট ও সুনামগঞ্জে প্রবাসীদের এই ভূমিকা আরও স্পষ্ট হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।