66°F বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ভুটানকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করল বাংলাদেশের মেয়েরা

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ৩১ জানু ২০২৬ | নিউজটি দেখেছেন: ২৯
ভুটানকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করল বাংলাদেশের মেয়েরা

নারী যুব ফুটবলে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ। তারই প্রমাণ মিলল ২০২৬ অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে। পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে আজ ভুটানের বিপক্ষে একচেটিয়া আধিপত্য দেখিয়ে ১২-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ মেয়েরা।

বাংলাদেশ-ভুটান ম্যাচ দিয়েই শুরু হয়েছে ২০২৬ অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপ। ম্যাচে বাংলাদেশের তিন ফুটবলার হ্যাটট্রিক পূর্ণ করেন। মোসাম্মৎ মুনকি আক্তার একাই করেন চার গোল। আলপি আক্তার ও শ্রীমতি তৃষ্ণা রানী করেন তিনটি করে গোল। এছাড়া একটি করে গোল করেন অর্পিতা বিশ্বাস অর্পি ও মামনি চাকমা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। তবে প্রথম গোলের দেখা পেতে ২৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। কর্নার থেকে বাঁ পায়ের বাঁকানো শটে গোল করে দলকে এগিয়ে নেন মামনি চাকমা। এরপর ৪৩ মিনিটে ব্যবধান বাড়ান শ্রীমতি তৃষ্ণা রানী।

প্রথমার্ধের শেষদিকে দুর্দান্ত নৈপুণ্য দেখান মোসাম্মৎ মুনকি আক্তার। নির্ধারিত সময়ের পর যোগ করা অতিরিক্ত দ্বিতীয় ও তৃতীয় মিনিটে টানা দুই গোল করে বাংলাদেশকে ৪-০ ব্যবধানে এগিয়ে রেখে প্রথমার্ধ শেষ করেন তিনি।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠে বাংলাদেশের আক্রমণ। ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের পঞ্চম গোলটি করেন তৃষ্ণা রানী। ৫৭ মিনিটে গোলরক্ষক পরিবর্তন করে ভুটান। সোনাম শোডেনের জায়গায় দায়িত্ব নেন কেলজাং ওয়াংমো। তবে তাতেও বাংলাদেশের আক্রমণ থামানো যায়নি।

আলপি, মুনকি ও তৃষ্ণার একের পর এক আক্রমণে ভুটানের রক্ষণভাগ ভেঙে পড়ে। নির্ধারিত সময়ের পর যোগ করা অতিরিক্ত পাঁচ মিনিটে আলপি আক্তারের গোলের মধ্য দিয়ে ১২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে নামা বাংলাদেশের জন্য এই বড় জয় টুর্নামেন্টে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিল। চার দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। এরপর ৪ ফেব্রুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ নেপাল। লিগ পর্ব শেষে শীর্ষ দুই দল ৬ ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে।