76°F বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ওয়াশিংটনে ট্রাম্প–এপস্টিনকে নিয়ে ব্যঙ্গাত্মক ভাস্কর্য, নতুন বিতর্ক

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ৩২
ওয়াশিংটনে ট্রাম্প–এপস্টিনকে নিয়ে ব্যঙ্গাত্মক ভাস্কর্য, নতুন বিতর্ক

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে আবারও বিতর্ক তৈরি হয়েছে একটি ব্যঙ্গাত্মক ভাস্কর্যকে কেন্দ্র করে। মঙ্গলবার (১০ মার্চ) ন্যাশনাল মলে প্রায় ১২ ফুট উঁচু একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে, যেখানে ট্রাম্প এবং দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে ‘টাইটানিকের প্রেমিক যুগল’ হিসেবে উপস্থাপন করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাতনামা এক শিল্পীগোষ্ঠী এই ভাস্কর্যটি তৈরি করেছে। জনপ্রিয় চলচ্চিত্র ‘টাইটানিক’-এর একটি পরিচিত দৃশ্য থেকে অনুপ্রাণিত হয়ে শিল্পকর্মটি নির্মাণ করা হয়েছে।

ভাস্কর্যটিতে সোনালি রঙে আঁকা দুই ব্যক্তিকে টাইটানিক জাহাজের নৌমুখের আদলে তৈরি একটি কাঠামোর ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেখানে ট্রাম্পকে এপস্টিনের পেছনে দাঁড়িয়ে তাকে আলিঙ্গনরত অবস্থায় দেখানো হয়েছে। এটি চলচ্চিত্রটির প্রধান দুই চরিত্রের বিখ্যাত দৃশ্যের অনুকরণে তৈরি।

শিল্পকর্মটি এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে এটি সরাসরি ওয়াশিংটন মনুমেন্টের দিকে মুখ করে থাকে এবং ন্যাশনাল মলে ঘুরতে আসা দর্শনার্থীদের নজরে সহজেই পড়ে। ভাস্কর্যের নিচে একটি ফলকে ব্যঙ্গাত্মক লেখা যুক্ত করা হয়েছে, যেখানে বিলাসবহুল ভ্রমণ, জমকালো পার্টি এবং গোপন আঁকা ছবির প্রসঙ্গ তুলে ট্রাম্প ও এপস্টিনের সম্পর্কের ইঙ্গিত দেওয়া হয়েছে।

এ ছাড়া ভাস্কর্যটির সামনে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনের দিকে সারিবদ্ধভাবে ১০টি ব্যানার টানানো হয়েছে। সেখানে ট্রাম্প ও এপস্টিনের একসঙ্গে থাকা ছবি ব্যবহার করা হয়েছে এবং একটি স্লোগানও দেওয়া হয়েছে। ব্যানারগুলোতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রতীক রাখা হলেও ‘বিচার’ শব্দটি কালো রঙে ঢেকে দেওয়া হয়েছে।

জানা গেছে, এর আগেও একই শিল্পীগোষ্ঠী ট্রাম্প ও এপস্টিনকে নিয়ে ন্যাশনাল মলে আরও দুটি শিল্পকর্ম স্থাপন করেছিল। এর একটি ছিল এপস্টিনকে পাঠানো একটি জন্মদিনের বার্তার অনুলিপি এবং অন্যটিতে দুজনকে হাত ধরে থাকা অবস্থায় দেখানো হয়েছিল।

শিল্পীগোষ্ঠীর সদস্যদের পরিচয় এখনো গোপন রাখা হয়েছে। তারা মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের জাতীয় উদ্যান কর্তৃপক্ষের কাছ থেকে অস্থায়ী শিল্পকর্ম প্রদর্শনের অনুমতি নিয়ে এসব স্থাপন করেছে বলে জানা গেছে। তবে সর্বশেষ ভাস্কর্যটি কতদিন সেখানে থাকবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।