66°F বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে সমুদ্রের নিচে মিসাইল সুড়ঙ্গ উন্মোচন করল ইরান

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২৯ জানু ২০২৬ | নিউজটি দেখেছেন: ১১
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে সমুদ্রের নিচে মিসাইল সুড়ঙ্গ উন্মোচন করল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে সমুদ্রের নিচে মিসাইল সুড়ঙ্গ উন্মোচন করল ইরান

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সমুদ্রের নিচে অবস্থিত নিজেদের গোপন মিসাইল সুড়ঙ্গ প্রকাশ করেছে ইরান। সংবাদমাধ্যম দ্য নিউ আরবের প্রতিবেদনে জানানো হয়, এসব সুড়ঙ্গে বিপুল সংখ্যক ক্রুস মিসাইল মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, দেশটির ওপর কোনো ধরনের সামরিক হামলা হলে বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী নিরাপদ থাকবে না।

 প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পানির নিচে থাকা মিসাইল সুড়ঙ্গের ভিডিও সম্প্রচার করা হয়েছে, যেখানে ইসলামিক বিপ্লবী গার্ডের নৌ শাখার কমান্ডার আলীরেজা তাঙসিরিকে সুড়ঙ্গের ভেতরে অবস্থান করতে দেখা যায়।

 ভিডিওতে দেখা গেছে, পানির নিচে সারিবদ্ধভাবে রাখা মিসাইলগুলো উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। নৌ কমান্ডার আলীরেজা তাঙসিরি জানিয়েছেন, সমুদ্রের নিচে তাদের একটি বিস্তৃত মিসাইল নেটওয়ার্ক রয়েছে, যা উপসাগরীয় অঞ্চল ও ওমান সাগরে অবস্থানরত মার্কিন নৌজাহাজ মোকাবেলার জন্য তৈরি করা হয়েছে। তিনি দাবি করেন, এসব সুড়ঙ্গে কয়েকশ মিসাইল রয়েছে, যেগুলো এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তিনি আরও বলেন, ইরানের তৈরি ‘কাদের ৩৮০ এল’ মিসাইলে এমন আধুনিক স্মার্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা হামলার শেষ মুহূর্ত পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত ও অনুসরণ করতে পারে।

 এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আগের চেয়ে বড় হামলা চালানোর হুমকি দিয়েছেন। বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরান যদি সম্ভাব্য হামলা এড়াতে চায়, তবে তাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসতে হবে এবং কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।

সূত্র: দ্য নিউ আরব